কিশোরগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক জসিম উদ্দিন নিহত হয়েছেন। কিশোরগঞ্জ সদর উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গত সোমবার একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ময়নামতি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সৈয়দপুর-সংলগ্ন ডাকলাপাড়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুরা মধ্যপাড়া গ্রামের জসিম উদ্দিন (৫৫) মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও পিকআপ ভ্যান দুটি আটক করে। ওই ব্যক্তির লাশ বিকেলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক গোলাপ মিয়া (৫৫) নিহত ও চারজন আহত হন। গোলাপ মিয়া কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার মৃত আশক মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত চার ব্যক্তি হলেন সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের রাজু মিয়া (২৬), একই এলাকার সম্রাট (২০), ডাহুকিয়া গ্রামের হযরত আলী (২৫) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুরা গ্রামের পাভেল মিয়া (২০)। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন দুর্ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন।