সরকার ময়মনসিংহকে বিভাগ করার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়ায় গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। মিছিলের আগে টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের মানুষকে ময়মনসিংহ বিভাগে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটায় ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত নেওয়ায় পৌরসভার উদ্যোগে এক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক, জেলা প্রশাসক জহিরুল হক, ময়মনসিংহ নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও পেশাজীবীরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন এ অঞ্চলের প্রায় সোয়া দুই কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। বিভাগ কার্যকর হলে ময়মনসিংহ সিটি করপোরেশন হবে। পৃথক শিক্ষা বোর্ড হলে মানুষের উপকার হবে।
বক্তারা মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার মানুষকে সব দ্বিধা ভুলে ময়মনসিংহ বিভাগে যোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে বেলা তিনটা থেকেই শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নাগরিক, পেশাজীবী ও ছাত্রসংগঠন ছোট ছোট আনন্দ মিছিল নিয়ে টাউন হল মাঠে এসে জড়ো হতে থাকে। পরে বিকেল সাড়ে চারটায় টাউন হল মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
১২ জানুয়ারি মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহকে বিভাগ করার জন্য মৌখিক সিদ্ধান্তের ঘোষণা দেন।