কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে তিনজনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন ও পাকুন্দিয়া উপজেলা থেকে গতকাল রোববার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: মিঠামইন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হেলাল জানান, গত শনিবার বিকেলে উপজেলার কাটখাল বাজারের পূর্ব পাশের কুশিয়ারা নদীতে লোকজন একটি লাশ ভাসতে দেখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (২৮)। তিনি অষ্টগ্রাম উপজেলার কদমচাল খয়েরপুর এলাকার বাসিন্দা। গতকাল রোববার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন জানান, গতকাল সকালে উপজেলার চরটেকী গ্রামের একটি খেতে কাজ করতে গিয়ে লোকজন অজ্ঞাতনামা (৩৫) এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। এদিকে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান জানান, গতকাল সকাল ১০টার দিকে লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের পাশে পোষ্টকামুরী এলাকায় অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করে সেখানে লাশ ফেলে দেওয়া হয়।