কিশোরগঞ্জ কারাগারে আরও কারারক্ষী মোতায়েনের দাবি
কিশোরগঞ্জ জেলা কারাগারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সদস্যসহ বেশ কয়েকজন স্পর্শকাতর আসামি আটক থাকায় সেখানে কারারক্ষী বাড়ানো দরকার বলে মনে করছে জেলা কারাগার পরিদর্শন বোর্ড। গতকাল বৃহস্পতিবার কারাগার কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের সভায় অতিরিক্ত কারারক্ষী পাঠানোর জন্য কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলার নির্বাহী হাকিম জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এ কারাগারে ২৪৫ জন কয়েদির ধারণক্ষমতা রয়েছে। অথচ বর্তমানে সেখানে ৯৩৮ জন কয়েদি রয়েছেন। তাঁদের মধ্যে জেএমবি ও উলফা সদস্যসহ ২০-২৫ জন বন্দী আছেন। বর্তমানে এ কারাগারে একজন প্রধান কারারক্ষী ও চারজন কারারক্ষী রয়েছেন। বৈঠকে বলা হয়, এত অল্পসংখ্যক কারারক্ষী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সেখানে যেকোনো সময় অঘটন ঘটতে পারে। এ কারণে সেখানে দুজন প্রধান কারারক্ষী ও ১২ জন কারারক্ষী প্রেষণে পাঠানোর জন্য কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়ার জন্য ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, কারা হাসপাতালে নারী বন্দীদের সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না। তাঁরা হাসপাতালে একজন নার্স নিয়োগের এবং নারীদের জন্য পাঁচটি শয্যা সরবরাহের জন্য জেলা সিভিল সার্জনকে অনুরোধ জানানোরও সিদ্ধান্ত নেন। অতিরিক্ত জেলা হাকিম হায়দার জাহান ফারাস, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হাকিম মো. আনোয়ার হোসেন, বেসরকারি কারা পরিদর্শক কাজী শাহীন খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।