কিশোরগঞ্জ জেলা কারাগারে পানি সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা কারাগারে তীব্র পানিসংকট দেখা দিয়েছে। এতে আট শতাধিক বন্দীসহ কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্ভোগে পড়েছেন। জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক দলের কয়েকজন সদস্য বৃহস্পতিবার এখানে এলে বন্দীরা তাঁদের পানি সংকটের বিষয়টি জানান । কারাগারের একাধিক সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্প দিয়ে প্রয়োজনীয় পানি উঠছে না; বিশেষ করে চৈত্র মাস শুরু হওয়ার পর থেকে ২৩ ঘণ্টা পাম্প চালু থাকলেও প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। এ ছাড়া কারাগারে তিনটি গভীর নলকূপের মধ্যে দুটি নষ্ট থাকায় পানিসংকট প্রকট আকার ধারণ করেছে। বন্দীরা জানান, প্রায় এক মাস ধরে তাঁরা পানিসংকটে ভুগছেন। পানির অভাবে তাঁরা গোছল করতে পারছেন না। শৌচাগারে গিয়ে প্রাকৃতিক কাজ সারার পর পর্যাপ্ত পানি ব্যবহারও করতে পারছেন না। কারা পরিদর্শক কাজী শাহীন খান জানান,। তিনি পানি সমস্যা সমাধানের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. সফিউল আলম পানি সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্প দিয়ে চাহিদা অনুযায়ী পানি ওঠানো যাচ্ছে না। এ ব্যাপারে লিখিতভাবে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আউয়াল বলেন, ‘কাজটি গণপূর্ত বিভাগের, তার পরও মানবিক দিক বিবেচনা করে আমার পক্ষে যতটুকু সম্ভব করব। কারাগারের অকেজো গভীর নলকূপ দুটি দুদিনের মধ্যেই চালু করা হবে।’