কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দীরা দুর্ভোগে
কিশোরগঞ্জ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে চার গুণ বন্দী বিভিন্ন সমস্যার কারণে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। তা ছাড়া কারাগারে আটক প্রায় এক হাজার বন্দীর মধ্যে ভারতীয় উলফা নেতা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দুর্ধর্ষ ২৫ জন বন্দী রয়েছেন। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কারারক্ষী নেই। গত বৃহস্পতিবার জেলা কারাগার পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোজাম্মেল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আজহার আলী মিয়া, বেসরকারি কারা পরিদর্শক কাজী শাহীন খান, বেগম মানছুরা জামান, শাহ্ আজিজুর রহমার রুমেল প্রমুখ। সভায় বলা হয়, কারাগারে ২৪৫ জন ধারণক্ষমতাসম্পন্ন বন্দীর মধ্যে গতকাল দুপুর পর্যন্ত ছিলেন ৯৬২ জন। এর মধ্যে পাঁচজন মহিলা বন্দীর দুটি কক্ষে ৪৩ জন বন্দী অবস্থান করছেন।কারাধ্যক্ষ মো. জিন্নাত ফেরদৌস ফরহাদ জানান, কারাগারে গড়ে সহস্রাধিক বন্দী থাকেন। বর্তমানে পানির সমস্যা, কারাগারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১৭ জন কারারক্ষী প্রয়োজন। কিছুদিন আগেও প্রেষণে ১৭ জন রক্ষী ছিলেন। সমপ্রতি তাঁদের প্রত্যাহার করে নেওয়ায় সমস্যা দেখা দিয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী জানান, ৫৩ কোটি টাকার মধ্যে ২ দশমিক ৫০ কোটি টাকা পাওয়া গেছে। সীমানাপ্রাচীরসহ তিনটি বন্দী ব্যারাক নির্মাণের কাজ দ্রুত চলছে।