কিশোরগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা জোরদারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের জেলা কারাগার পরিদর্শন বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা গতকাল রোববার কারাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন।সভায় কারাগারের নিরাপত্তা জোরদার করার জন্য দুজন প্রধান কারারক্ষী ও ১২ জন কারারক্ষীকে প্রেষণে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই জেলা কারাগার ২৪৫ জন বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন। অথচ গতকাল বন্দীর সংখ্যা ছিল এক হাজার সাতজন। তা ছাড়া, এখানে জেএমবি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২০-২৫ জন দুর্ধর্ষ বন্দী রয়েছেন। কারাগারে চারজন প্রধান কারারক্ষী ও ১৭ জন কারারক্ষী প্রেষণে নিয়োজিত ছিলেন। পরে প্রেষণ আদেশ বাতিল হয়। বর্তমানে একজন প্রধান কারারক্ষী ও চারজন কারারক্ষী নিয়োজিত রয়েছেন। কারাগারের সার্বিক নিরাপত্তার স্বার্থে দুজন প্রধান কারারক্ষীসহ ১৪ জন কারারক্ষী দেওয়ার জন্য কারা মহাপরিদর্শককে চিঠি দিয়ে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বক্তারা বলেন, কারা হাসপাতালে নারী বন্দীদের সুষ্ঠু চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। হাসপাতালে একজন নারী চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানানো হলো।সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন হুসাইন সারোয়ার খান, প্রকৌশলী মো. তোজাম্মেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. হুমায়ূন কবীর ভূঞা, জেলা কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল হক, কারাধক্ষ্য মো. জান্নাত-উল ফরহাদ প্রমুখ।সভার পরে জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি কারা পরিদর্শকেরা কারাগার পরিদর্শন করেন। এ সময় তাঁরা বন্দীদের বিভিন্ন সমস্যার কথা তাঁদের কাছ থেকে জেনে নেন। বন্দীরা জানান, মশার উপদ্রব রয়েছে। তা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা, কারা ক্যান্টিন ও দর্শনার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।