কিশোরগঞ্জ জেলা জজের প্রতি আদালত অবমাননার রুল
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এ এম মো. সাঈদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৬ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগ এনে কিশোরগঞ্জ আদালতের সাবেক জারিকারক আবুল কালাম আজাদসহ চারজন কর্মচারী গত মঙ্গলবার এই আবেদন করেন। আবেদনের পক্ষে গতকাল আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।টাইটাস হিল্লোল রেমা প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছেন এবং ওই বিচারককে ৬ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।