কিশোরগঞ্জ জেলা তথ্য বাতায়ন ভুলে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের একটি বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রশ্ন ছিল, ভৈরবের পৌর মেয়রের নাম কী? উত্তরে এক প্রতিযোগী বলে ‘ফখরুল আলম আক্কাছ’।

সঞ্চালক উত্তরটি ভুল হিসেবে গণ্য করে ৫ নম্বর কেটে নেন। উত্তরটি সঠিক বলে প্রতিযোগী চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে জানায়, প্রতিযোগিতায় আসার আগে সে ইন্টারনেটে ‘কিশোরগঞ্জ জেলা তথ্য বাতায়ন’ ভালো করে দেখে এসেছে। সেখানে জনপ্রতিনিধির কলামে মেয়র হিসেবে ফখরুল আলমের নাম দেখতে পেয়েছে।

ফখরুল আলম আক্কাছ ভৈরব পৌরসভার মেয়র ছিলেন দুই দফা। সর্বশেষ নির্বাচনে তিনি মো. শাহিনের কাছে হেরে যান। দীর্ঘ সময় পার হলেও তথ্য বাতায়নে নতুন তথ্য সংযোজিত হয়নি।

দেখা গেছে, শুধু ভৈরব পৌরসভা নয়, জেলার সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পুরো কলামটি ভুলে ভরা। পাঁচ বছর আগে অষ্টগ্রামের দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন খুন হলেও তথ্য বাতায়নে এখনো তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখানো হচ্ছে। ওই কলামে ২০১১ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের নাম সংযোজন করা হয়নি। রয়েছে আগের চেয়ারম্যানদের নাম। এখনো জেলার সাংসদ তালিকা থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নাম সরানো হয়নি। অন্তর্ভুক্ত করা হয়নি সাংসদ রেজওয়ান আহমেদের নাম।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার প্রয়োজনীয় তথ্য সহজে পেতে ২০১০ সালের ৬ জানুয়ারি সরকার বাংলাদেশ তথ্য বাতায়ন নামে একটি ওয়েবসাইট চালু করে। ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়। আর জেলা তথ্য বাতায়ন জেলা প্রশাসকেরা সমন্বয় করে থাকেন। কিশোরগঞ্জ জেলার ওয়েব ঠিকানা  www.kishoreganj.gov.bd এ সময়ের মধ্যে ঠিকানা পরিবর্তন ছাড়া কিশোরগঞ্জ তথ্য বাতায়নে তেমন কোনো তথ্য হালনাগাদ হয়নি। প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ লোকবলের অভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বেশি। তথ্য বিভ্রাটের শিকার হতে হচ্ছে তথ্যপ্রত্যাশীদের।

গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা তথ্য বাতায়নে ঢুকে দেখা যায়, প্রথম পাতায় জেলা সম্পর্কিত, জেলা প্রশাসন, স্থানীয় সরকার, সরকারি অফিসসমূহ, অন্যান্য প্রতিষ্ঠান, ই-সেবা ও ফটোগ্যালারি নিয়ে সাতটি মূল বিভাগ আছে।

প্রখ্যাত ব্যক্তি বিভাগের ১১ ক্যাটাগরিতে কিশোরগঞ্জের ২২ জন প্রখ্যাত ব্যক্তির নাম সন্নিবেশিত আছে। তবে জন্ম-মৃত্যুর কলামটি এখনো পূরণ করা হয়নি। ওই তালিকায় অষ্টগ্রামের সন্তান শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর নাম না থাকায় তথ্যপ্রত্যাশীদের মধ্যে আস্থাহীনতা কাজ করছে।

পত্রপত্রিকা বিভাগে কিশোরগঞ্জের তিনটি দৈনিক ও দুই বছর ধরে প্রকাশিত দৈনিক গৃহকোণকে সাপ্তাহিক হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে দৈনিক সাতকাহন, সাপ্তাহিক দিনের গান ও সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রপত্রিকা বিভাগে স্থান পায়নি। পুরো বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কিছু ভুল থাকলেও আমাদের জেলার ওয়েবসাইটটি সচল আছে। তথ্য হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।