কিশোরগঞ্জ-ঢাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু
কিশোরগঞ্জ ও ঢাকা পরিবহন মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে গতকাল মঙ্গলবার থেকে ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।
পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ মালিক সমিতির সদস্যদের বাসগুলোতে ঢাকার শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি জানায় ঢাকা পরিবহন মালিক সমিতি। অন্যায় বিবেচনা করে দাবিটি প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতি। এ নিয়ে গত শনিবার থেকে ঢাকা ও কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
বাস চলাচল বন্ধ থাকায় কিশোরগঞ্জ আন্তজেলা বাসস্ট্যান্ড, বত্রিশ বাসস্ট্যান্ড ও চামড়াঘাট বাসস্ট্যান্ড থেকে কয়েক শ বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতি। এতে কয়েক হাজার মানুষ আটকা পড়ে বাসস্ট্যান্ডগুলোতে।
কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক জানান, ঢাকা সমিতির অন্যায় আবদার মানতে পারেনি বলে প্রথমে তারা বাস বন্ধ করে। পরে কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, কিশোরগঞ্জ মালিক সমিতি অনিয়মতান্ত্রিকভাবে বাস চালায়। তা নিয়ন্ত্রণের চেষ্টা করেও কোনো প্রতিকার হয়নি।