কিশোরগঞ্জ-ঢাকা পথে বাস বন্ধ, ভোগান্তি
কিশোরগঞ্জ-ঢাকা সড়কপথে গতকাল বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এর আট দিন আগে তাড়াইল থেকে ঢাকায় সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। কিশোরগঞ্জ, নান্দাইল, তাড়াইল ও ঢাকার বাসমালিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এসব পথের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতি থেকে জানা গেছে, জেলা শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল ও চামড়াঘাট বন্দর থেকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে শতাধিক বাস চলাচল করে। তা ছাড়া নান্দাইল, কটিয়াদী, তাড়াইল ও কেন্দুয়া থেকে ঢাকায় কয়েক শ বাস চলাচল করে।
১ নভেম্বর চাঁদা আদায় নিয়ে নান্দাইলের ইকো বাস সার্ভিসের সঙ্গে তাড়াইলের বাসমালিকদের ঝগড়া হয়। এর জের ধরে ইকো বাস সার্ভিসের মালিকেরা মহাখালী পরিবহন মালিক সমিতির যোগসাজশে ১ নভেম্বর থেকে তাড়াইলের বাসমালিকদের বাস বন্ধ করে দেন। এতে তাড়াইল থেকে কোনো বাস ঢাকার মহাখালীতে যেতে পারছে না।
তাড়াইল বাসস্ট্যান্ডে গতকাল সকালে গিয়ে দেখা গেছে, সেখান ঢাকাগামী ১৬টি বাস দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বাস ছাড়ছে না। বাসের জন্য অপেক্ষমাণ শতাধিক যাত্রী চিন্তিত হয়ে পড়েছে।
তাড়াইলের সেকান্দরনগর গ্রামের বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এনামুল কবীর বলেন, ‘হরতালের কারণে এগারোসিন্দুর ট্রেনে কিশোরগঞ্জে এসে অটোরিকশায় বাড়িতে এসেছিলাম। ঢাকায় যাওয়ার জন্য আজ ভোরে বাসস্ট্যান্ডে এসে জানতে পারলাম, বাস চলাচল বন্ধ। কীভাবে ঢাকায় যাব, তা নিয়ে চিন্তা হচ্ছে।’
কিশোরগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মহাখালী টার্মিনালের বাসমালিক ও শ্রমিকনেতারা কিশোরগঞ্জের বাসশ্রমিকদের মারধর করে নামিয়ে দিয়ে তাঁদের শ্রমিক তুলে দিচ্ছেন। এর প্রতিবাদে কিশোরগঞ্জ সমিতি গত বুধবার থেকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ধর্মঘট ডেকেছে।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে তাঁরা ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন।
মহাখালী আন্তজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম কিশোরগঞ্জের পরিবহনশ্রমিকদের মারধর করার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বারবার সমঝোতা করার পরও কিশোরগঞ্জের সমিতি কথা রাখতে পারেনি। আশা করি তাঁরা তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন।’