কিশোরগঞ্জ-ঢাকা বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-ঢাকা পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। গতকাল সকাল থেকে ওই পথে বাস চলাচল শুরু হয়েছে।
জেলা পরিবহন মালিক সমিতির সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার মো. এনায়েতুল্লাহ কিশোরগঞ্জ এবং ঢাকার মহাখালী পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতাদের নিয়ে বৃহস্পতিবার ঢাকায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন। এতে কিশোরগঞ্জ সমিতির অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়। পরে ওই সমিতি বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়।
বৈঠকে কিশোরগঞ্জ মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, শ্রমিক সমিতির সভাপতি আবদুস শহীদ, মহাখালী মালিক সমিতির সভাপতি আবুল কালাম, শ্রমিক সমিতির সভাপতি হিরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ বলেন, ‘উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছে। এতে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। আশা করি, উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ও সমঝোতার শর্ত রক্ষা করবে। যে সমিতি আগে শর্ত ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি কঠোর ব্যবস্থা নেবে।’