কিশোরগঞ্জ-ঢাকা বাসভাড়া ৩৬ শতাংশ বৃদ্ধি!
কিশোরগঞ্জে গত শুক্রবার থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ পথে বাসভাড়া বাড়ানো হয়েছে। কিশোরগঞ্জ-ঢাকা পথে বাসভাড়া বাড়ানো হয়েছে ৩৬ শতাংশ। ফলে নিম্ন আয়ের মানুষকে হিমশিম খেতে হচ্ছে।কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-কাপাসিয়া-ঢাকা রুটে চলাচলকারী পরিবহনের ভাড়া ১১০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা রুটে ভাড়া ১২০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।গতকাল রোববার সরেজমিন কিশোরগঞ্জ আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে কয়েকজন যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে। তাঁদের মধ্যে কয়েকজন জানান, হঠাৎ করে বাসভাড়া এত বেশি বাড়ানো হয়েছে তা তাঁরা আগে থেকে জানতেন না। পর্যাপ্ত টাকা না থাকায় তাঁরা টিকিট কিনতে পারেননি।কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের আহম্মেদ হোসেন জানান, তিনি ঢাকার একটি কারখানার পরিচ্ছন্নতাকর্মী। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। মাসে দুবার স্ত্রী-সন্তানদের দেখতে তিনি কিশোরগঞ্জ আসেন। বাসভাড়া বেড়ে যাওয়ায় এখন থেকে তিনি মাসে একবার বাড়ি আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।বাসচালকেরা দাবি করেন, আগে কিশোরগঞ্জ থেকে ঢাকা যেতে গ্যাসের খরচ হতো এক হাজার ১০০ টাকা। গ্যাসের দাম বাড়ানোর পর এখন খরচ হয় এক হাজার ৬৫০ টাকা। অর্থাৎ খরচ বেড়েছে ৫৫০ টাকা।কিন্তু প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৪০ টাকা বেশি নেওয়ায় ৫৫ সিটের প্রতিটি বাস থেকে ভাড়া আদায় করা হচ্ছে দুই হাজার ২০০ টাকা।ভাড়া বৃদ্ধির ব্যাপারে কিশোরগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ আবু খালেদ পাঠান বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধিকে কৌশল হিসেবে ব্যবহার করে বাসমালিকেরা ফায়দা লুটছেন। আর দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ।এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান লসকর বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক ভাড়া বাড়ানো হয়েছে।যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, বাসভাড়া বাড়ানোর বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে তিনি বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে ভাড়া পুনর্নির্ধারণ করবেন।