কিশোরগঞ্জ-ঢাকা রুটে শত শত ট্রেনযাত্রীকে যেতে হচ্ছে দাঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সঙ্গে রাজধানীর রেলযোগাযোগের একমাত্র মাধ্যম এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের বগি প্রত্যাহার করে নেওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। টিকিট না পেয়ে প্রতিদিন শত শত যাত্রীকে ১৭০ কিলোমিটার পথ যেতে হচ্ছে দাঁড়িয়ে।স্থানীয় রেলস্টেশন ও যাত্রী সূত্রে জানা গেছে, সপ্তাহে ছয় দিন কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে চলাচল করে এগারসিন্দুর প্রভাতী ও এগারসিন্দুর গোধূলি। চলাচলকারী একমাত্র এই আন্তনগর ট্রেনের শোভন শ্রেণীর দুটি বগি গত ১১ ডিসেম্বর প্রত্যাহার করে নেওয়া হয়। এতে এই শ্রেণীর ১৭০টি আসনের গড়ে ৭৫টি কমে যাওয়ায় যাত্রীদের টিকিটের সংকট বেড়েছে। তাই টিকিট নিয়ে প্রতিদিনই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি ও হাতাহাতির ঘটনা ঘটছে।গতকাল মঙ্গলবার স্টেশনে আসা যাত্রীরা অভিযোগ করেন, টিকিটের স্বল্পতা ছাড়াও রেলের কর্মচারীদের যোগসাজশে নির্ধারিত টিকিটের দুই-তৃতীয়াংশই কালোবাজারে চলে যায়। এতে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তাঁরা টিকিট পাচ্ছেন না। বাধ্য হয়ে তাঁদের কালোবাজারিদের কাছ থেকে উচ্চমূল্যে টিকিট কিনতে হচ্ছে। তাঁরা আরও জানান, যাত্রীসেবা নিয়ে তাঁদের অসংখ্য অভিযোগ থাকলেও বিকল্প কোনো ট্রেন না থাকায় প্রতিদিন পাঁচ শতাধিক যাত্রী ‘স্ট্যান্ডিং টিকিট’ করে এগারসিন্দুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।গত দুই দিন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ একটু আড়ালে গিয়ে কালোবাজারির কাছ থেকে সংগ্রহ করেছে ঢাকায় যাওয়ার টিকিট। এ নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করছে। ঢাকায় ব্যবসার কাজে যাচ্ছিলেন এরশাদুল হক। তিনি বলেন, বগি প্রত্যাহার করায় ট্রেনের নিয়মিত যাত্রীদের ভোগান্তি বেড়েছে। শিক্ষার্থী আজিজ আহম্মদ রোববার টিকিট পাননি। পরদিন সোমবার শেষ মুহূর্তে শোভন শ্রেণীর ৮৫ টাকার টিকিট কেনেন ১৫০ টাকায়।কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার অমৃতলাল সরকার দুটি বগি কমানোয় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন বলে স্বীকার করে বলেন, শোভন চেয়ারে মোট ১৭০টি আসনের মধ্যে আজ (মঙ্গলবার) মাত্র ৭৫টি আসন থাকায় যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।রেলস্টেশনের একটি সূত্র জানায়, টিকিট কালোবাজারে যাওয়ার সঙ্গে নিরাপত্তারক্ষীসহ রেলের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত। অমৃতলাল টিকিট কালোবাজারিদের হাতে যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, কালোবাজারিদের বিরুদ্ধে প্রশাসন কাজ করছে।বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।