কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বাস ধর্মঘট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এবং করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দরে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে জেলা পরিবহন মালিক সমিতি। কিশোরগঞ্জ পৌরসভায় অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, এক সপ্তাহ ধরে একশ্রেণীর ইজারাদার সড়কে বাঁশ ফেলে গাড়ি আটকে পৌরসভার কথা বলে গাড়িপ্রতি ৫০ টাকা টোল আদায় করছেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা পৌরসভার সড়ক ব্যবহারের জন্য টোল আদায় করা হচ্ছে বলে জানান।হেলাল উদ্দিন বলেন, একটি বাস বা ট্রাক সরকারকে ফি দিয়ে বিআরটিএর কাছ থেকে অনুমতি নিয়েই রাস্তায় চলাচল করে। তা ছাড়া, পৌরসভার মালিকানাধীন বাস টার্মিনালগুলো পৌরসভাকে ভাড়া দিয়েই ব্যবহার করা হয়। কিন্তু রাস্তা ব্যবহার করার জন্য পৌর কর্তৃপক্ষকে দেশের কোথাও আলাদা টোল দেওয়ার দৃষ্টান্ত নেই। এই অন্যায়ের প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে। তিনি বলেন, অবৈধ টোল আদায় বন্ধ না হলে অন্যান্য টার্মিনাল থেকেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।এদিকে বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। ঢাকার উদ্দেশে হাওরের উপজেলা মিঠামইন থেকে আসা সুরুজ আলীসহ (৪০) একাধিক যাত্রী জানান, তাঁরা ট্রলারযোগে হাওরের বিভিন্ন এলাকা থেকে চামড়াঘাট নৌবন্দরে এসেছেন। কিন্তু ধর্মঘটের কারণে তাঁরা বন্দরে আটকা পড়েছেন। কৃষি ব্যাংকের কিশোরগঞ্জ উপ-মহাব্যবস্থাপক সুমেস কুমার দেবনাথ বলেন, শহরের নগুয়া এলাকায় তাঁর গাড়ি থামিয়ে টোলের নামে ১০০ টাকা দাবি করা হয়। পরে তাঁর গাড়িচালক ৫০ টাকা দিতে বাধ্য হন।এ ব্যাপারে কথা বলতে পৌর মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর কার্যালয় ও বাসায় গিয়েও সাক্ষাৎ পাওয়া যায়নি। তবে পৌরসভার একটি সূত্র জানান, সপ্তাহ দুই আগে পৌর কর্তৃপক্ষ শহরে প্রবেশ করার কয়েকটি সড়ক চিহ্নিত করে টোল আদায়ের জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কাছে ইজারা দেন। এ কাজে কয়েকজন প্রভাবশালী পৌর কাউন্সিলরও জড়িত রয়েছেন। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি খোঁজখবর নিয়ে জনস্বার্থে যা করার প্রয়োজন তাই করবেন।