কিশোরগঞ্জ পলিটেকনিকে শিক্ষার্থীদের ভাঙচুর, তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফল প্রত্যাহারের দাবিতে একদল শিক্ষার্থী কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে গত দুই দিন ভাঙচুর চালিয়েছেন। তাঁরা গতকাল রোববার ইনস্টিটিউটের প্রধান ফটক ও অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। বর্তমানে ইনস্টিটিউটে পুলিশ মোতায়েন রয়েছে।ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ও তৃতীয় বর্ষের সাড়ে পাঁচ শ শিক্ষার্থীর সমাপনী পরীক্ষা চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হয়। পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরীক্ষার আগে শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে ইনস্টিটিউটের শিক্ষক শফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম ও আতিকুল্লাহ তিন থেকে পাঁচ হাজার টাকা করে নেন। পরীক্ষার পর দুর্নীতির অভিযোগ শুনে অধ্যক্ষ অন্য শিক্ষকদের দিয়ে খাতা মূল্যায়ন করান। ১৬ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় যে ১২০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।অকৃতকার্য হওয়ার খবর পেয়ে বিক্ষুব্ধ শতাধিক শিক্ষার্থী গত শনিবার অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। পরে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি বিবেচনা করার এবং খাতা পুনর্মূল্যায়নের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই শিক্ষকদের দুর্নীতির প্রতিবাদে এবং অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। তাঁরা একাডেমিক ভবন ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষের কক্ষ, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশ করতে চান না এমন অনন্ত ১৫ জন শিক্ষার্থী অভিযোগ করেন, ওই তিন শিক্ষক পাস করিয়ে দেওয়ার কথা বলে তাঁদেরসহ শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। এই দুর্নীতির বিরুদ্ধে তাঁদের আন্দোলন। অভিযুক্ত শিক্ষকেরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, এমন আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে ছাত্রদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর খাতা পুনর্মূল্যায়নেরও সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের এ ব্যাপারে লিখিত আবেদন করতে হবে।’