কিশোরগঞ্জ পৌরবাসী জলাবদ্ধতায় নাকাল

কিশোরগঞ্জ শহরের ভিআইপি সড়কের নাম আলোর মেলা। এই সড়কের পাশেই জেলা প্রশাসক, জেলা জজ, পুলিশ সুপারের বাসভবনসহ রয়েছে বিভিন্ন সরকারি কার্যালয়। আছে মহিলা কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে এ সড়কটিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। আরও কয়েকটি এলাকায় পানি জমে। এতে পৌরবাসীকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের পাশে বিয়াম ল্যাবরেটরি ইংলিশ ভার্সন স্কুলের সামনের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সড়কের সামনেই পুরাতন কোর্ট এলাকা। যেখানেও সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে। কয়েক বছর ধরে চলছে এই অবস্থা। এখানে জেলা প্রশাসনের রেকর্ড রুম, জেলা তথ্য কর্তকর্তার কার্যালয়, মহিলাবিষয়ক কার্যালয়, জেলা শিশু একাডেমী, পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয় ও একটি বড় মসজিদ রয়েছে। এর পেছনে আছে শতাধিক আবাসিক ঘরবাড়ি। কিন্তু দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এ এলাকার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে।
পুরো পৌরসভায় নেই কোনো পানিনিষ্কাশনের কার্যকর স্থায়ী ব্যবস্থা। এ কারণে বৃষ্টির পানি শহরের কাছারিবাজার, বড়বাজার, পুরানথানা বাজার, আলোর মেলা এলাকা, নগুয়া, বত্রিশ, হয়বতনগর, পুরাতন কোর্ট এলাকা, হারুয়া, গাইটাল, নিউ টাউন, নীলগঞ্জ রোডে জমে। কাদাপানিতে একাকার হয়ে যায় শহর। প্রায় জায়গায় নালার পচা আর্বজনা রাস্তার ওপর উঠে আসে। এ ছাড়া জলাবদ্ধতার কারণে রাস্তার পাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থাও নাজুক। শহরের কিছু জায়গায় নালা-ব্যবস্থা থাকলেও মূল সড়ক নালা থেকে নিচু হওয়ায় নোংরা ও ময়লা পানিতে সড়কে লোকজন যাতায়াত করতেও দুর্ভোগ পোহায়।
গতকাল সোমবার আলোর মেলা এলাকার বাসিন্দা মারুফ আহমেদ ও বিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলোর মেলা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। কিন্তু মাত্র ১৫ থেকে ২০ মিনিটের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। ছেলেমেয়েরা পড়াশোনা করতে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে না। যান চলাচলেও ব্যাঘাত ঘটে। এই জলাবদ্ধতার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
শহরের আরও অন্তত ১০ জন বাসিন্দা বলেন, জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ হলো অপরিকল্পিত নগরায়ণ। সুনির্দিষ্ট পরিকল্পনা ও সঠিক নালা ব্যবস্থাপনা ছাড়াই বাসা-বাড়ি নির্মাণ করা হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো বাসিন্দাকে। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। যে কয়েকটি নালা আছে, সেগুলোও ভরাট হয়ে গেছে। পানি নামতে পারছে না। এ সমস্যার স্থায়ী সমাধান করতে হলে নদীমুখী বড় নালার ব্যবস্থা করতে হবে। নতুন করে যেসব বাড়িঘর তৈরি হয়েছে, সেগুলোর পাশ দিয়ে নালা করতে হবে।
গতকাল বিকেলে শহরের কয়েকটি এলাকা ঘুরে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। সারা দিন অবিরাম বৃষ্টির কারণে অনেক মানুষ ঘর থেকে বের হননি। হাটবাজারেও লোকজন কম।
জানতে চাইলে পৌরসভার মেয়র মো. মাহমুদ পারভেজ বলেন, শহরের বিভিন্ন এলাকায় নালা সংস্কার অব্যাহত আছে। এ ছাড়া পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে কার্যক্রম চলছে। যত দ্রত সম্ভব পানিনিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।