কিশোরগঞ্জ পৌরসভার সেই টোল আদায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভার অবৈধ টোল আদায় গত বুধবার থেকে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই টোল আদায় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভার সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় টোল আদায়ের কোনো বৈধতা পৌর কর্তৃপক্ষ দেখাতে পারেনি। তা ছাড়া সর্বস্তরের জনগণ এর বিরুদ্ধে। তাই জনস্বার্থে টোল আদায় কার্যক্রম বন্ধ করা হয়েছে।পৌরসভা ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভার শুরুতে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, পৌরসভা শহরে প্রবেশে বিভিন্ন সড়কে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এবং করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক সমিতি। ১০ সেপ্টেম্বর পর্যন্ত টোল নেওয়া হবে না বলে পৌর মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নেয়। সভায় পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, অবৈধভাবে টোল আদায়ের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে অবস্থান করতে হচ্ছে। এর ফলে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়া দরকার। জবাবে পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম বলেন, সরকারি নিয়ম ও আইন অনুযায়ী টোল আদায় হচ্ছে। তখন সভায় উপস্থিত সবাই এর বিরোধিতা করেন। মেয়রের উদ্দেশ্যে কাজী শাহীন খান বলেন, ‘বিধি ও আইন দেখতে চাই।’ পরে সভার সভাপতি পৌর কর্তৃপক্ষকে টোল আদায়ের বিধি দেখাতে বলেন। তখন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান বিধি উত্থাপন করেন। সভায় এই বিধি পর্যালোচনা করে দেখা যায়, পৌর কর্তৃপক্ষ এভাবে টোল আদায় করতে পারে না। এরপর সভায় সর্বসম্মতিক্রমে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার জেলা চেম্বার অব কমার্সের ১৫তম বার্ষিক সাধারণ সভায় টোল আদায় বন্ধের এ সিদ্ধান্তকে স্বাগত জানান চেম্বার নেতারা। পৌর কর্তৃপক্ষ টোল আদায়ের জন্য সম্প্রতি ১১টি স্থান কয়েক লাখ টাকায় প্রভাবশালীদের ইজারা দেন। এরপর ইজারাদাররা সড়কে বাঁশ ফেলে গাড়ি আটকে ৫০ টাকা করে টোল আদায় করে আসছিলেন।