কিশোরগঞ্জ বিএনপি সভাপতির জামিন
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. ফজলুর রহমানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের শুনানি শেষে এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশের ফলে ফজলুর রহমানের জামিন পেতে আর কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবী। গত ১৯ নভেম্বর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম ফজলুর রহমানের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। গত ১৯ মার্চ ফজলুর রহমান নিজ দলের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম কামাল হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নেন। ওই দিন রাতে দলীয় প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য দেন। বক্তব্যে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন—এমন অভিযোগ এনে আলী হোসেন নামে স্থানীয় আওয়ামী লীগের এক সমর্থক তাঁর বিরুদ্ধে ওই রাতেই ইটনা থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
১৮ আগস্ট পুলিশ নন এফআইআর মামলা হিসেবে আদালতে প্রতিবেদন জমা দেয়। চিকিৎসার জন্য ফজলুর রহমান তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ২৭ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন উচ্চ আদালতের একটি বেঞ্চ ফজলুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। ২৯ অক্টোবর উচ্চ আদালতের এ নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার জজ। পরবর্তী সময়ে ৬ নভেম্বর আপিল বিভাগ উচ্চ আদালতের আদেশ বহাল রাখেন।