কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ওপর ১০ অবৈধ বাজার
কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়কের কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ৫৬ কিলোমিটারের মধ্যে অন্তত ১০টি স্থানে অবৈধভাবে সড়কের ওপর বাজার বসে। এতে যানজটসহ লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে।সম্প্রতি সরেজমিনে ওই সড়কে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার চৌদ্দশত, পাকুন্দিয়ার পুলেরঘাট, কটিয়াদী বাসস্ট্যান্ড, পিরিজপুর, বাজিতপুরের আগরপুর, কুলিয়ারচরের বাজরা, দাড়িয়াকান্দি, ছয়সুতী ও ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় সড়কের ওপর অস্থায়ী বাজার বসায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। একই কারণে কোনো কোনো স্থানে যানজটে আটকা পড়ছে অনেক যানবাহন। এতে যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।কিশোরগঞ্জ-ঢাকা পথে চলাচলকারী অনন্যা সুপার সার্ভিসের চালক মো. রহিমসহ একাধিক চালক জানান, এসব অস্থায়ী বাজার এলাকায় একসঙ্গে ৮-১০টি গাড়ি পৌঁছালেই যানজট সৃষ্টি হয়। ফলে ঢাকা থেকে কিশোরগঞ্জে পৌঁছাতে চার ঘণ্টার স্থলে কোনো কোনো দিন সাড়ে পাঁচ ঘণ্টা লেগে যায়। যাত্রীদের গালি শুনতে হয় চালক ও তাঁর সহকারীকে।এ পথের যাত্রী গোপাল চন্দ্র সাহাসহ অনেকেই জানান, সড়কে বাজার বসায় এবং বাজারগুলোতে দিন দিন ভিড় বাড়ায় চালকদের ধীরে ধীরে বাস চালাতে হয়। ফলে সময় নষ্ট করে বাসে যাতায়াত করতে হচ্ছে। পুলেরঘাট বাজারে আসা ক্রেতা কোদালিয়া গ্রামের বদরুল আলম জানান, গত ১০ বছরে বাজারের পরিধি না বাড়ায় কৃষক ও ছোট ব্যবসায়ীরা তাঁদের পণ্য রাস্তার পাশে রেখে বেচাকেনা করেন। এতে পথচারী, বাসচালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, শুধু ওই ৫৬ কিলোমিটারেই নয়, ভৈরব থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন বাসচালক ও যাত্রীদের একই রকম হয়রানির শিকার হতে হচ্ছে।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। রোজা ও ঈদের জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি। জনসাধারণের সার্বিক স্বার্থে আগামী এক মাসের মধ্যে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এসব অস্থায়ী বাজার উচ্ছেদসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’