কিশোরগঞ্জ শহরে বেড়ে গেছে বখাটের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই ছাত্রীরা উত্ত্যক্তের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীরা স্বাভাবিক পরিবেশে কলেজ ও বিদ্যালয়ে গমন করতে পারছে না। গত রোববার বত্রিশ পৌর মহিলা কলেজে এলাকাবাসী ও কলেজের শিক্ষকদের সমন্বয়ে বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, বিজন চন্দ্র ঘোষ, বদিউল আলম, সালাউদ্দিন, সাবেক সরকারি কর্মকর্তা মো. সাইদুর রহমান, আবদুল আউয়াল, প্রমুখ। জেলা স্মরণী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবিয়া আক্তার খাতুন জানান, সম্প্রতি পুলিশি অভিযানের পর বিদ্যালয়ের প্রবেশপথে তাঁদের উপস্থিতি কম। কিন্তু বিভিন্ন সড়কে তাঁদের উৎপাত মোটেই কমেনি। শিক্ষাবিদ আবু খালেদ পাঠান জানান, বখাটেরা স্কুল ও কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করছে এ অভিযোগ দীর্ঘদিনের। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ জরুরি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বলেন, ‘পুলিশ বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালাবে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের একটি দল কাজ করবে। তবে, অভিভাবকেরা এসব বিষয় নিয়ে থানায় না আসায় বখাটেরা সুযোগটি নিয়ে থাকে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা কার্যকর হলে অন্য বখাটেরাও ভয়ে উত্ত্যক্ত না করে পালিয়ে থাকত বলে মনে করি।’