কিশোরগঞ্জ শহরের যত্রতত্র অবৈধ ঝালাই কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে লোহা-লক্কড়। সেখানেই খোলামেলা পরিবেশে চলছে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ। চারপাশ থেকে আসছে লোহা পেটানোর কান ঝাঁজালো শব্দ। কিশোরগঞ্জ শহরের যত্রতত্র চোখে পড়বে এই দৃশ্য। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কিশোরগঞ্জ শহরের বাসিন্দাদের।লোহা-লক্কড় মাড়িয়ে চলাচল করতে গিয়ে আহত হওয়ার ঝুঁকি তো আছেই। সেই সঙ্গে চিকিৎসকেরা বলছেন, ঝালাই কারখানার অতিবেগুনি আলোক রশ্মি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।সরেজমিন দেখা যায়, শহরের আবাসিক এলাকাসহ যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠেছে দেড় শতাধিক ঝালাই কারখানা। আগে স্টেশন সড়ক ও ঈশা খাঁ সড়কে এসব কারখানা থাকলেও সম্প্রতি তা ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাগুলোতেও। শহরের বত্রিশ, নগুয়া, ফিশারি সড়ক, রাখুয়াইল, গাইটাল, কোর্ট সড়ক, কলাপাড়া, শোলাকিয়া, খড়মপট্টি, চরশোলাকিয়া, বয়লা, তারাপাশা, নিউটাউন আবাসিক এলাকার প্রতিটিতে একাধিক ঝালাই কারখানা ও ওয়ার্কশপ রয়েছে। এসব কারখানার পরিসর ছোট হওয়ায় সড়কের ওপরই ঝালাইয়ের কাজ করা হচ্ছে। এতে পথচারীদের বিশেষ করে, স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরাতন আদালত সড়ক এলাকার বাসিন্দা মারুফ আহমেদ বলেন, এসব কারখানার কারণে সড়ক দিয়ে হাঁটাচলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাঁর বাচ্চাদের স্কুলে যাতায়াতে মারাত্মক অসুবিধা হচ্ছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, ঝালাই যন্ত্র থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ রশ্মি চোখের কর্নিয়া নষ্ট করে দিতে পারে।পাগলা মসজিদ এলাকার একটি ঝালাই কারখানার মালিক লোকমান মিয়া বলেন, শহরের প্রধান সড়কে এ কারখানা স্থাপনের খরচ কুলাতে না পেরে তিনি আবাসিক এলাকাতেই এটি গড়ে তুলেছেন। কিশোরগঞ্জের পৌর কাউন্সিলর মাহফুজা চৌধুরী জানান, তাঁর এলাকার বিভিন্ন মহল্লায় ১৫টিরও বেশি কারখানা রয়েছে। এতে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে। তিনি এসব কারখানা বন্ধে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।কিশোরগঞ্জের পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম জানান, আবাসিক এলাকায় এ ধরনের কারখানা স্থাপন পৌর আইনের পরিপন্থী। এসব কারখানার কোনো অনুমোদন নেই। শিগগিরই এসব কারখানা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।