কিশোরগঞ্জ সদর হাসপাতালের এক শয্যায় তিন শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার ডালাপাড়া গ্রামের পারভিন বেগম তিন বছরের মেয়েকে নিয়ে সদর হাসপাতালে এসেছেন। তাঁর মেয়ে কয়েক দিন ধরে পেটের পীড়ায় ভুগছে। শিশু ওয়ার্ডে এসে তিনি দেখেন এক বিছানায় তিন-চারজন শিশু গাদাগাদি করে শুয়ে আছে। আর মায়েরা পাশে দাঁড়িয়ে আছেন। ওয়ার্ডের কাচের জানালা ভাঙা। জানালা দিয়ে শীতের কুয়াশা ও হিমেল হাওয়া ঢুকছে।৪ ও ৫ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, প্রতি শয্যায় তিন-চারজন করে শিশু শুয়ে আছে। তারা পালা করে শয্যায় স্থান পায় ও ঘুমায়। বাকি সময়টা কাটায় মায়ের কোলে।হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ২২টি। প্রতিদিন ২২ শয্যার বিপরীতে গড়ে ৬০-৭০ জনকে ভর্তি করতে হচ্ছে। ফলে এক শয্যায় তিন-চারজন শিশুকে স্থান দিতে হচ্ছে। ৪ জানুয়ারি ভর্তি করা শিশুর সংখ্যা ছিল ৭১ জন। পরদিন ভর্তি হয় ৬১ শিশু। প্রতিদিন বহির্বিভাগে গড়ে দুই শতাধিক শিশুকে চিকিত্সা দিতে হয়। এত রোগীর চিকিত্সাসেবা দিচ্ছেন মাত্র দুজন চিকিত্সক ও একজন সেবিকা।চিকিত্সক মোহাম্মদ মহসীন বলেন, ‘বহিরাগত রোগীদের কথা বাদই দিলাম। ভর্তি হওয়া ৬০-৭০টি শিশু সামাল দিতে দুই চিকিত্সককে প্রতিদিন হিমশিম খেতে হয়। মাঝেমধ্যে একজনকেই সব রোগী দেখতে হচ্ছে।’চিকিত্সক সুজিত দাস জানান, অধিকাংশ শিশু শ্বাসকষ্টজনিত রোগ যেমন, নিউমোনিয়া, ব্রনকিউলাইটিস, অ্যাজমা, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত। শিশুদের সঙ্গে মায়েদের থাকতে হচ্ছে। তা ছাড়া রোগীর সঙ্গে আসা লোকজনের ভিড়ে শিশুদের স্বাভাবিক চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি শিশু ওয়ার্ডে আরও তিনজন চিকিত্সক ও চারজন সেবিকার ব্যবস্থা করার দাবি জানান।হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) আবদুল মজিদ বলেন, ‘হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে শয্যাসংখ্যা অপ্রতুল। ১০০ শয্যার বিপরীতে গড়ে ২৫০-২৭০ জন রোগী ভর্তি থাকে। তবে শিশু ওয়ার্ডের অবস্থা খুবই শোচনীয়। এক বিছানায় তিনজন, এটা গ্রহণযোগ্য নয়। শিশুদের বিষয় খুব স্পর্শকাতর। কিন্তু আমাদের কিছুই করার নেই।’কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, শিশু ওয়ার্ডে রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছে।