কিশোরগঞ্জ হাসপাতালে দিনভর কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার সারা দিন কর্মবিরতি পালিত হয়েছে। গ্রেপ্তার হওয়া এক কর্মচারীর মুক্তির দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে নার্সসহ সব কর্মচারী হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং চিকিত্সকদের কর্তব্য পালনে বাধা দেন। এতে হাসপাতালে জরুরি বিভাগ ব্যতীত সব চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। জানা গেছে, সোমবার হাসপাতালে ভর্তি এক রোগীকে তাঁর বড় ভাই আমিনুল ইসলাম দেখতে এলে ঝাড়ুদার মনিরুজ্জামান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় আমিনুল ইসলাম অভিযোগ এনে ওই দিন কিশোরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ওই দিন বিকেলেই হাসপাতাল থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ কিশোরগঞ্জ শাখার উদ্যোগে এক সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং মঙ্গলবার (গতকাল) থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।হাসপাতালে আসা রশিদাবাদের রুনি বেগম জানান, ‘২০ টাকা রিকশা ভাড়া দিয়ে হাসপাতালে এসে দেখি কর্মচারীরা কাজ করছেন না। এখন চিকিত্সক না দেখিয়েই ফিরে যাচ্ছি। আবারও আসতে হবে।’ এ ব্যাপারে সমিতির সভাপতি মো. তৌহিদুল ইসলাম বলেন, অফিস চলাকালে অনুমতি ছাড়া গ্রেপ্তারের ঘটনা মেনে নেওয়া যায় না। সেই সঙ্গে ঘটনার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীনতা দেখিয়েছে। এ অভিযোগ অস্বীকার করে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) এম এ মজিদ বলেন, গ্রেপ্তারের ঘটনা শুনে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের কাছে কারণ জানতে চাইলে তারা মামলার কথা জানায়। গতকাল বিকেলে মনিরুজ্জামান জামিনে মুক্তি পেলে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।