কিশোরগঞ্জ হাসপাতালে নারীবান্ধব কার্যক্রম শুরু
হাসপাতালে নারীরা সুষ্ঠু চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। নারী রোগীদের অবহেলার শিকার হতে হয়। এমনকি দালাল চক্রের খপ্পরে পড়ে দুস্থ নারীদের চিকিৎসাসেবা না নিয়েই ফিরে যেতে হয়। নারীরা যাতে সম্মানজনকভাবে প্রকৃত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যেই নারীবান্ধব কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল বুধবার কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে নারীবান্ধব কার্যক্রম শুরুর প্রারম্ভে সমাজের বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে গঠিত সহায়ক কমিটির সভায় বক্তারা বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।সিভিল সার্জন হুসাইন সারোয়ার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক আ ন ম নৌশাদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, বাদল রহমানসহ ১৫ জন গণ্যমান্য ব্যক্তি।বাদল রহমান বলেন, কিশোরগঞ্জের ১৩টি উপজেলার ৩০ লাখ মানুষের সরকারি চিকিৎসার প্রধান কেন্দ্র ২৫০ শয্যার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। এখানে প্রতিদিন বহির্বিভাগে সাত শতাধিক নারী রোগী আসে। কিন্তু তাদের উপযুক্ত সম্মান ও সুযোগ না দেওয়ায় বিনা চিকিৎসায় তারা ফিরে যায়। চিকিৎসক ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওষুধ না দেন, অন্তত নারী রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও আচরণ করেন। তাহলে তারা অন্তত চিকিৎসা নিতে উৎসাহ দেখাবে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, গত আগস্ট মাসে হাসপাতালে বহির্বিভাগে ২৫ হাজার রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে, যার ৬০ শতাংশ নারী। তাই আজকের সভায় যেসব নেতিবাচক বিষয় উঠে এসেছে, তা দূর করতেই হাসপাতালে নারীবান্ধব কার্যক্রম চালু করা হয়েছে।নারীনেত্রী মায়া ভৌমিক বলেন, হাসপাতালে নারীদের সম্মান করা হয় না। তাদের বোঝা মনে করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। আজ থেকে এ বিষয়ে বিশেষ নজরদারি করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিতভাবে অবশ্যই এসব সমস্যার উত্তরণ ঘটানো হবে।নারীপক্ষের প্রতিনিধি নাজনীন সুলতানা রত্না বলেন, সম্মিলিতভাবে জনগণকে সম্পৃক্ত করে নেতিবাচক দিকগুলো দূর করে কিশোরগঞ্জ হাসপাতালকে অবশ্যই নারীবান্ধব হাসপাতালের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।চিকিৎসক নৌশাদ খান বলেন, অসহায় দুস্থ নারীদের সুষ্ঠু ও সম্মানজনক চিকিৎসাসেবা নিশ্চিত করতেই হাসপাতালে নারীবান্ধব কার্যক্রম চালু করা হলো। সিভিল সার্জন বলেন, নারীবান্ধব কার্যক্রমের আওতায় সহিংসতার শিকার নারীদের জন্য আলাদা রেজিস্ট্রার থাকবে এবং আলাদা ওয়ার্ড থাকবে। নারীদের সম্মানজনকভাবে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ার জন্য জনবল নিয়োগ করা হবে।