কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই
কিশোরগঞ্জের বাজিতপুর ও হোসেনপুর উপজেলায় গত বৃহস্পতি ও শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারের পুরাতন মিষ্টিপট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে যায়। একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ওসমান গনি জানান, আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। বাজিতপুর বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি।হোসেনপুর উপজেলার নারায়ণডহর নুরিয়ার বাজারে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। জালালউদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমিজুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।