কিশোরগঞ্জে অগ্নিদগ্ধ সেই নববধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেতারহাটি গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ মরিয়ম আক্তার (১৯) মারা গেছেন। গত সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। এদিকে মরিয়মের গায়ে আগুন দেওয়ার ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মরিয়মের স্বামী আবু বাক্কারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত গৃহবধূর পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে চাচাতো ভাই আবু বাক্কারের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে মরিয়ম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গ্রাম্য সালিস ও মরিয়মের চাপে ১০-১২ দিন আগে বাক্কার তাঁকে বিয়ে করেন। কিন্তু বাক্কারের পরিবারের লোকজন এ বিয়ে মেনে নেয়নি। স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের লোকজন মরিয়মের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযোগ উঠেছে, ৭ ডিসেম্বর ভোরের দিকে প্রকৃতির ডাকে মরিয়ম ঘর থেকে বের হলে ছয়জন সহযোগীকে নিয়ে বাক্কার তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই সোমবার তাঁর মৃত্যু হয়। আগুন দেওয়ার ঘটনার পরদিন মরিয়মের বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে আবু বাক্কারসহ সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।