কিশোরগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক মাদ্রাসাশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার শহরের সতাল এলাকায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে করিমগঞ্জ উপজেলার সুবানিয়া ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষিকা মোসাম্মৎ মাসুদা (২৭) করিমগঞ্জ থেকে অটোরিকশায় চড়ে কিশোরগঞ্জ শহরে আসছিলেন। সতাল এলাকায় আসার পর তাঁর গলায় জড়ানো ওড়নার একটি প্রান্ত অটোরিকশার চাকায় ঢুকে পড়ে। এতে মুহূর্তেই তাঁর গলায় ফাঁস লেগে যায়। চালক ও পথচারীরা তাঁকে উদ্ধার করে অচেতন অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎ সক (আরএমও) আবদুল মজিদ জানান, শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। মাসুদার বাড়ি করিমগঞ্জ উপজেলার ছাগলী গ্রামে। তাঁর স্বামীর নাম মো. মহসিন। তাঁর চার বছরের একটি ছেলে রয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।