কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক ইউনিয়নের কার্যালয় শহরের একরামপুর মহল্লায়। গতকাল রাতে ওই কার্যালয়ে বর্ধিত সভা ডাকা হয়। নির্বাচনের তারিখ ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রকাশের নীতিমালা প্রণয়ন ইস্যুতে বর্তমান কার্যকরী পর্ষদের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজুল ইসলাম পক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বর্তমান কমিটির কয়েকজন আহত হন। এ ঘটনায় রাতেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ ওরফে কাইয়ুম বাদী হয়ে সিরাজুল ইসলামকে প্রধান অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। তাঁদের গ্রেপ্তারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয় বর্তমান কমিটি।

সংগঠনের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়ার অভিযোগ, ‘নির্বাচন ইস্যুতে আলোচনার সময় সিরাজুল সবার মতকে আমলে না নিয়ে খেপে যান। পরে তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালায়।’ হামলায় সংগঠনের অন্তত ২৫টি চেয়ার ভাঙচুর ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ অভিযোগের ব্যাপারে সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের দাবি, ‘আমি চাই ভোটের মাধ্যমে সংগঠনে নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ এবং বর্তমান কমিটি নির্বাচন ছাড়া কমিটি গঠন করতে আগ্রহী। বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সময় সামান্য কথা-কাটাকাটি হয়েছে।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নেতৃত্ব নিয়ে শ্রমিকদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বর্তমান পক্ষ ধর্মঘটের ডাক দিয়েছে। এ ঘটনায় বর্তমান কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।