কিশোরগঞ্জে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যৌতুকের দাবিতে চম্পা রানী ঘোষ (২৪) নামের এক অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ চম্পার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। পুলিশ, নিহত জেসমিনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যৌতুক দাবি করায় গত সোমবার রাতে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের সুমন চন্দ্র ঘোষের সঙ্গে স্ত্রী চম্পা রানী ঘোষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুমন অন্তঃসত্ত্বা চম্পাকে শারীরিকভাবে আঘাত করেন। এতে কিছুক্ষণের মধ্যে চম্পার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন চম্পার বাবা হরিজন চন্দ্র ঘোষ। মামলায় চম্পার স্বামী সুমন, শ্বশুর নারায়ণ চন্দ্র ঘোষ ও শাশুড়ি কল্যাণী রানী ঘোষকে আসামি করা হয়। পুলিশ আসামিদের আটক করেছে। স্বামী সুমন চন্দ্র ঘোষ সাংবাদিকদের কাছে কথাকাটাকাটির ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্তু স্ত্রীকে মারধর করেননি বলে দাবি করেছেন তিনি।মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গতকাল সকালে নারায়ণ চন্দ্র ঘোষের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে। তাই চম্পার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিচারিক হাকিমের আদালতে তিনজনকে পাঠানো হবে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।