কিশোরগঞ্জে আ. লীগ বিএনপি সংঘর্ষে ৮ পুলিশসহ আহত ১২
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা উভয় পক্ষের আক্রমণের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ মোট ১২ জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাড়ইতলা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ ২২টি গুলি ছোড়ে।সংঘর্ষের ঘটনায় আট পুলিশসহ মোট ১২ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন নিকলী থানার উপপরিদর্শক বরুণ কুমার বসাক, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হুদা ও জহিরুল ইসলাম ও কনস্টেবল তৌফিকুল ইসলাম, আবদুল আজিজ, হিরণ মিয়া, আলী মুনসুর ও মিজানুর রহমান। অন্যদিকে পুলিশের গুলিতে আহত তিনজন হলেন গাড়ইতলা গ্রামের বাসিন্দা সুলাইমান (৩৫), মেনু মিয়া (৩২), আবু তাহের (৩০)। এ তিনজন পরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাঁদের আটক করে।এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আত্মরক্ষার্থে পুলিশ ২২টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের ওপর হামলা ও আটজন পুলিশ আহত করার ঘটনায় থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।