১৬ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এই সময়ে দলে নতুন কোনো নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় ভারপ্রাপ্ত নেতাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। ফলে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ সাদী গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের বর্তমান অবস্থা সম্পর্কে এসব কথা বলেন। এদিকে দলের প্রচার সম্পাদক আনোয়ার কামাল বলেন, ১৬ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় প্রচার সম্পাদক পদের ওপরের পদগুলোতে দায়িত্ব পালনকারীদের সবাই বর্তমানে ভারপ্রাপ্ত। জেলার নেতা-কর্মীদের অভিযোগ, গত ১২ বছরে একাধিকবার কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। দল ক্ষমতাসীন হওয়ার পর কেন্দ্রীয় নেতারা এলেও স্থানীয় নেতারা কমিটি গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেননি। সম্মেলন করার জন্য ২০০৬ সালে দুবার বর্ধিত সভা ডাকা হয়। প্রতিবারই সব উপজেলা কমিটি গঠন না হওয়ার অজুহাতে সম্মেলন বাতিল হয়ে যায়। গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক সভায় অংশ নেন। তিনি কমিটির বিষয়ে অপ্রিয় বাস্তবতা তুলে ধরে বিশেষ কারণে অচিরেই গঠনতন্ত্রের বাইরে জেলা কমিটির সম্মেলন করা হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, এবার ঘোড়ার আগে গাড়ি হবে। সৈয়দ আশরাফ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমার নিজের জেলায় সম্মেলন ১৬ বছরেও াহয়নি। সারা দেশে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের কাজ জোরেশোরে চললেও কমিটি না থাকার কারণে কিশোরগঞ্জে সম্মেলন হচ্ছে না। আমাদের সর্বশেষ ও সর্বোচ্চ শক্তি হচ্ছে সংগঠন। জেলা আওয়াামী লীগের কমিটি শক্তিশালী হলে কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হয়। জেলা কমিটি ও মহানগর কমিটির ওপরই দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় কমিটি।’ সৈয়দ আশরাফ বলেন, ‘৬৩টি জেলায় কমিটি গঠন করা হলেও কিশোরগঞ্জ তথা রাষ্ট্রপতি ও স্পিকারের জেলাতেই কমিটি নেই। তাঁদেরই হাতে গড়া এই দল। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এখান থেকে ফিরে আবার কথা বলব। মুরব্বি দুজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব। দুবার সম্মেলনের তারিখ হলেও সম্মেলন করা সম্ভব হয়নি। তাই নেত্রীর সঙ্গে আবারও কথা বলে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সম্মেলন না করে বিশেষ ব্যবস্থায় সরাসরি জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। অর্থাৎ বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে। তাই ‘ঘোড়ার আগে গাড়ি’ হবে। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করতে হলে ১০ বছরেও সম্ভব নয়। তাই উল্টোপথে চলা ছাড়া উপায় নেই।’ ইউনিয়ন পর্যায়ের নেতারা জানান, দীর্ঘ ১৬ বছর আগে গঠিত কমিটি দিয়েই চলছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। অধিকাংশ নেতা-কর্মী দলীয় কার্যালয়ে যান না। দলীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে ১৯৯৭ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কমিটির মেয়াদ পার হওয়ার পর কেটে গেছে ১৫ বছর। সম্মেলনে স্পিকার আবদুল হামিদ ও সাংসদ শামসুল হক গোলাপ মিয়া যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।