কিশোরগঞ্জে আরও ৫০ জন ডায়ারিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরে ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা প্রতি ঘণ্টায় বেড়েই চলছে। গতকাল সোমবার ভোর পাঁচটা পর্যন্ত গত ১২ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে আরও ৫০ জন। এদের মধ্যে গতকাল আরও ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা কম থাকায় নারী ও শিশু রোগীদের স্থান হয়েছে বারান্দায়। গত দুই দিনে দেড় শতাধিক শিশু, নারী ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মোট ৭৯ জন কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে শহরের বয়লা, সতাল ও তারাপাশা এলাকায় বসবাসরত বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হন। অবস্থার দ্রুত অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেল থেকে গতকাল দুপুর পর্যন্ত মোট ৭৯ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।আক্রান্ত রোগীদের কয়েকজন জানায়, পৌরসভার সরবরাহ করা পানি খেয়ে হঠাৎ তাদের পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। তাদের হাসপাতালে নিয়ে আসার পর শয্যা না থাকায় বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।সিনিয়র স্টাফ নার্স আছমা আক্তার জানান, ভর্তি হওয়া রোগীদের স্যালাইনসহ যাবতীয় চিকিৎসা সঠিকভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।কিশোরগঞ্জ শহরের বয়লা, তারাপাশা এলাকার বাসিন্দারা জানান, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর অধিকাংশ শিশু প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হয়। রোববার বিকেল থেকে ওই এলাকায় পৌরসভার পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।পৌরসভায় কর্মরত চিকিৎসক এস কে দেবনাথকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। কমিটি তিন দিনের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণ জানাবে।হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূষিত পানি পান করেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।