কিশোরগঞ্জে ইউএনওর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালকে অপসারণের দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের নেতৃত্বে এলাকাবাসী ইউএনওর কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় তাঁরা ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান অভিযোগ করেন, ইউএনওর বিরুদ্ধে এলজিএসপির বরাদ্দের টাকা আত্মসাৎ, টিআর ও কাবিখার বরাদ্দের ছাড়পত্রে টনপ্রতি তিন হাজার টাকা আদায়, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
ইউএনও এলজিএসপির টাকা আত্মসাৎ, টিআর ও কাবিখার বরাদ্দের ছাড়পত্রের জন্য টাকা আদায় ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘সম্প্রতি সদরের বিন্নাটি আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর ভাইস চেয়ারম্যান নির্বাচন স্থগিতের জন্য আমাকে চাপ দেন। এ ছাড়া হাশেম নামে এক কৃষক লীগ নেতা মাইজখাপন এলাকার একটি পুকুর লিজ নিতে না পেরে আমার ওপর ক্ষিপ্ত হন। এসবের জের ধরে তারা কর্মসূচি পালন করেছে।’