কিশোরগঞ্জে ইউএনওর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁকে প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ তাঁদের কর্মী-সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর অনেকে জানান, সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা ইউএনওকে প্রত্যাহারের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। অন্যথায় ১ আগস্ট থেকে হরতালসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হুদা, বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যান আবদুল করিম, লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ। ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তাঁকে প্রত্যাহারের দাবিতে দুই মাস ধরে মিছিল-সমাবেশ, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ তাঁদের কর্মী-সমর্থকেরা। ইউএনওর প্রত্যাহারের দাবিতে ইউপি চেয়ারম্যানরা ইতিমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপ কামনা করেছেন।