কিশোরগঞ্জে ইনসুলিনের সংকট, বিপাকে রোগীরা
কিশোরগঞ্জে জীবনরক্ষাকারী ইনজেকশন ইনসুলিনের সংকট বিরাজ করছে। হরতাল-অবরোধের কারণে ওষুধ কোম্পানির গাড়ি আসতে না পারায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছেন। ফলে ডায়াবেটিসের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ইনসুলিন ব্যবহারকারী কয়েকজন জানান, হরতাল-অবরোধের কারণে জেলার শহর এবং বিভিন্ন উপজেলায় ওষুধের দোকানগুলোতে ইনসুলিন পাওয়া যাচ্ছে না। এতে জেলার ডায়াবেটিসের রোগীরা বিপাকে পড়েছেন।
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বলেন, তাঁদের নিবন্ধন করা চার শতাধিক রোগীকে নিয়মিত ইনসুলিন নিতে হয়। গত সপ্তাহে অবরোধের কারণে ইনসুলিনের সংকট দেখা দেয়। পরে ঝুঁকি নিয়ে গত বৃহস্পতিবার ঢাকা থেকে ইনসুলিন আনা হয়। ইনসুলিনের সংকটে সমিতির বাইরের বহু রোগী বেকায়দায় পড়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
জেলা শহরের বাসিন্দা ডায়াবেটিসের রোগী নাজমুন নাহার বলেন, ‘গত দুই দিন একাধিক দোকানে খোঁজ করেও ইনসুলিন পাইনি। আমি অস্ত্রোপচারের রোগী। ইনসুলিন না পাওয়ায় আমার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া বেড়ে গেছে। চিকিৎসক বলেছেন, ডায়াবেটিস বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে।’
স্টেশন সড়কের গৃহিণী শামসুন্নাহার বলেন, দুই দিন অপেক্ষা করার পর এক আত্মীয়ের মাধ্যমে ঢাকা থেকে ট্রেনে করে ইনসুলিন সংগ্রহ করতে হয়েছে তাঁর।
স্থানীয় চিকিৎসক সুশীল কুমার শীল বলেন, যাঁরা নিয়মিত ইনসুলিন ব্যবহার করে থাকেন, তাঁরা ইনসুলিন না নিলে ডায়াবেটিস বেড়ে যায়। ডায়াবেটিসের পাশাপাশি যাঁরা অন্য রোগেও আক্রান্ত, তাঁরা কয়েক দিন ইনসুলিন না নিলে বড় ধরনের সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে।
জেলা শহরের ওষুধ ব্যবসায়ী সাদেক আহম্মদ বলেন, অবরোধের কারণে ওষুধ কোম্পানিগুলো প্রয়োজনীয় ইনসুলিন সরবরাহ করতে পারছে না। ফলে সংকট সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত বলেন, ‘ইনসুলিন-সংকটের কথা শুনেছি। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কী করতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।’