কিশোরগঞ্জে ইভ টিজিং প্রতিরোধে শোভাযাত্রা
ইভ টিজিং ও মাদকসেবন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার কিশোরগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল ১০টার দিকে শুরু হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য ওই শোভাযাত্রা বের করা হয়। ‘আর নয় ইভ টিজিং’ এবং ‘মাদককে না বলি’ স্লোগান নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিওকর্মী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় শিশু-কিশোরেরা অভিনয় করে ইভ টিজিংয়ের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এবং এর বিরুদ্ধে জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়। এ ছাড়া লাঠিখেলা ও গান পরিবেশন করা হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, নারীনেত্রী নাযমুন নাহার, অধ্যক্ষ শরফি সাদী, চিকিৎসক নৌশাদ খান, সমাজকর্মী বাদল রহমান, মায়া ভৌমিক, আমিনুল ইসলাম প্রমুখ।