কিশোরগঞ্জে এক আসনে নির্বাচন, প্রার্থী দুইজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা ফাঁকা মাঠে গোল দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন। নির্বাচন হচ্ছে শুধু কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের দুই প্রার্থীর মধ্যে। একজন জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। অন্যজন সদ্য আওয়ামী লীগ থেকে পদত্যাগকারী সাবেক সাংসদ মিজানুল হক।

গত শনিবার ওই দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। মুজিবুলকে দলীয় প্রতীক লাঙল ও স্বতন্ত্র প্রার্থী মিজানুলকে হরিণ প্রতীক দেওয়া হয়েছে। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনের সময়ও আমাকে প্রথমে মনোনয়ন দিয়ে পরে বসিয়ে দেওয়া হয়। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক। দল কেন এমন করে বুঝতে পারছি না।’

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে মিজানুল হক জনসংযোগ শুরু করেছেন। করিমগঞ্জ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থক নূর মোহাম্মদসহ এলাকার ভোটাররা জানান, মিজান এ আসনের দুবারের সাংসদ। বিগত সময়ে তিনি তাড়াইল-করিমগঞ্জে ব্যাপক উন্নয়নকাজ করেছেন। তাই ৫ জানুয়ারির নির্বাচনে ভোটাররা তাঁকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা করা যায়। 

অপর দিকে করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনোয়ার বাশার বলেন, মুজিবুল হক সাংসদ হিসেবে স্কুল-কলেজ, সড়ক, সেতুর ব্যাপক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় তাঁর বিজয় সুনিশ্চিত বলা যায়।

তবে করিমগঞ্জের সাকুয়া এলাকার ভোটার আবদুর রহমান, মজিবুর রহমানসহ এলাকার ভোটাররা জানান, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী মিজানের পক্ষে গোপনে কাজ করবেন। এতে মিজানের বিজয় সহজ হবে।

মিজানুল হক প্রথম আলোকে বলেন, ‘কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মুজিবুল হককে ছেড়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ দুর্বল প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। আমি সরে দাঁড়াব না। তাই আমাকে দলের মনোনয়ন দেওয়া হয়নি। এলাকার ভোটারদের দাবির মুখে, তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

মুজিবুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত কর্মকর্তা কামাল আহমেদ জানান, এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় মুজিবুল হকের বিজয় সময়ের ব্যাপার।