কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন
কিশোরগঞ্জ শহরে গতকাল শুক্রবার আমিনুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। সদর উপজেলার কাঁটাবাড়িয়া এআর খান উচ্চবিদ্যালয়ের ছাত্র আমিনুল। তার বাড়ি জেলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামে। সদর থানার কাঁটাবাড়িয়ায় নানাবাড়িতে থেকে সে পড়াশোনা করত। আমিনুলের সহপাঠী সোহেল জানায়, আমিনুলকে নিয়ে গতকাল বিকেলে সে কাঁটাবাড়িয়া থেকে জেলা শহরে যায়। সদর হাসপাতালসংলগ্ন নরসুন্দা নদের তীরের রাস্তা দিয়ে হাঁটার সময় অজ্ঞাতনামা কয়েক যুবক তাদের ডেকে গুরুদয়াল সরকারি কলেজের খেলার মাঠে নিয়ে যায়। সেখানে ওই যুবকদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। পরে ওই যুবকেরা একযোগে তাদের ওপর হামলা চালায়। তারা আমিনুলকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগে আমিনুল মারা যায়। পরে তার লাশ কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। আমিনুলের সহপাঠী ও আত্মীয়স্বজনেরা তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যায়। রাত নয়টার দিকে তারা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর এবং এক চিকিত্সককে লাঞ্ছিত করে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও এএসপি সার্কেল রহমত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আমিনুলের সহপাঠী সোহেলকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।চার ভাই ও এক বোনের মধ্যে আমিনুল সবার বড়। কাল রোববার তার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা।