কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এর আগে গত শনিবার রাতে আমিনুল হত্যা মামলার দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার থাকা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কাঁটাবাড়িয়া এ আর খান উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলাম গত শুক্রবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আর খান উচ্চবিদ্যালয়ের শিক্ষকসহ চার শতাধিক ছাত্রছাত্রী গতকাল বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে তারা মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীও যোগ দেয়।কাঁটাবাড়িয়া এ আর খান উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্র পণ্ডিত, আইনজীবী সৈয়দ আশফাকুল ইসলাম, ব্যবসায়ী জামাল উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সদস্য আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন এলাকাবাসী।এদিকে আমিনুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবদুর মালেক ওরফে রনি (২০) ও নাইমুল ইসলাম (১৯) শনিবার রাতে জেলা বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডে ১২ জন জড়িত বলে উল্লেখ করেন।কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য ছয়জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।