কিশোরগঞ্জে ওএমএস দোকানে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শহরে প্রতিদিন দরিদ্র শ্রমজীবী মানুষ ওএমএসের চাল ও আটা পেতে ডিলারদের দোকানগুলোতে ভিড় করছেন। বাজারে চাল ও আটার দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় এসব মানুষ দুর্দশায় পড়েছেন। বাধ্য হয়ে ওএমএসের দোকানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বরাদ্দ নিতে হচ্ছে তাঁদের। সকাল নয়টায় খোলে দোকানগুলো। পৌর এলাকার নয়টি ওয়ার্ডে রয়েছে নয়টি দোকান। শহরের নীলগঞ্জ এলাকার ওএমএস ডিলার মো. মাজহারুল ইসলামের দোকানের সামনে গতকাল সোমবার ফজরের আজানের আগে থেকে অনেক নারী ওএমএসের আটা পেতে সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন। কলাপাড়া গ্রামের রিকশাচালক আবদুর রহমান (৪৫) জানান, সকালে এসে দাঁড়িয়েছি। এখন প্রায় সাড়ে ১২টা। না পারলাম রিকশা চালাতে, না পেলাম আটা।শহরের পুরানথানা এলাকার ওএমএস ডিলার হাজি ইছাম উদ্দিনের দোকানের সামনে ভোর থেকেই অনেক নারী-পুরুষ দাঁড়িয়ে ছিলেন। কুলসুম বেগম (৭৫) জানান, তিনিসহ চরশোলাকিয়া নামাপাড়া থেকে আরও ছয়জন এসেছেন। বেলা ১১টা নাগাদ তাঁদের মধ্যে হাজেরা নামের একজন চাল পেয়েছেন। বাকিরা এখনো দাঁড়িয়ে আছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে জানা যায়, কিশোরগঞ্জ শহরের নয়টি ওয়ার্ডের প্রতিটিতে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিনই দোকানগুলোতে ভিড় হয়। প্রত্যেক ডিলার শনিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিনের প্রতিদিনই এক হাজার ৩০০ কেজি আটা বিতরণ করেন। প্রতি কেজি ২০ টাকায় জনপ্রতি তিন কেজি করে দেওয়া হয়। এ হিসাবে প্রত্যেক ডিলার ৪৩৩ জনকে আটা বিতরণ করতে পারেন। বাজারে এ আটার কেজিপ্রতি দাম ৩০ থেকে ৩২ টাকা। ফলে কম দামে পেয়ে প্রতিদিন মানুষ এ আটা নিতে লাইনে দাঁড়াচ্ছেন।সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি মায়া ভৌমিক জানান, বোরো মৌসুমের এই সময়ে জেলার হাওর অঞ্চলসহ সর্বত্রই খাদ্যাভাব দেখা দেয়। জেলা শহর ও আশপাশের এলাকার নিম্নবিত্ত ও শ্রমজীবী দরিদ্র মানুষের কথা বিবেচনা করে ডিলারের বরাদ্দ এবং ডিলারের সংখ্যা বাড়ানো একান্ত জরুরি। মো. মাজহারুল ইসলামসহ একাধিক ডিলার জানান, এলাকার গরিব মানুষের খাদ্যসংকট দূর করতে ডিলার-প্রতি বরাদ্দ দ্বিগুণ করা হলে ভালো হয়। কারণ, বাজারের চেয়ে অনেক কম দামে চাল ও আটা পেয়ে প্রতিদিনই শ্রমজীবী দরিদ্র মানুষের ভিড় বাড়ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তপন কুমার দাস জানান, জেলা শহরে নয়জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬২ হাজার ৪০০ কেজি আটা বিতরণ করা হচ্ছে। চাহিদার কথা বিবেচনা করে আরও ডিলার বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তবে চাল ও আটার সংকট রয়েছে। বোরো ধান ওঠার আগ পর্যন্ত এ সংকট থাকবে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁদের বিভাগ অনুসন্ধান করে দেখছে।