কিশোরগঞ্জে কলেজ ছাত্রের ওপর হামলা, বিক্ষোভ
কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের আবদুস সালাম নামের আবাসিক এক ছাত্রকে গতকাল বৃহস্পতিবার পিটিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা। পিটুনির পর সন্ত্রাসীরা তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে। তবে আত্মরক্ষা করে বেঁচে যান তিনি। এ ঘটনার প্রতিবাদে কলেজের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কলেজের ওয়াসিম উদ্দিন ছাত্রাবাসের ১০৭ নম্বর কক্ষের জানালার সামনে কলেজসংলগ্ন হারুয়া এলাকার বখাটে মহব্বত প্রস্রাব করে। এ সময় কক্ষে বসবাসরত ভূগোল বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুস সালাম প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মহব্বত তাঁকে কিলঘুষি মেরে আহত করে। পরে মহব্বতের সঙ্গে আরও সাত আটজন বখাটে সালামকে পিটিয়ে গুরুতর আহত করেন। মহব্বত তাঁর সহযোগীর কাছ থেকে কিরিচ নিয়ে সালামের বুকে আঘাত করলে সালাম বাঁ হাত দিয়ে নিজেকে রক্ষা করেন। এরপর সালাম দৌড়ে একটি গর্তে পড়ে যান। সন্ত্রাসীরা তাঁকে আবারও কিরিচ দিয়ে আঘাত করলে তিনি কোনোভাবে রক্ষা পান। সালাম দৌড়াতে দৌড়াতে এম ওসমান গনি ছাত্রাবাসে গিয়ে আশ্রয় নেন। ঘটনা শুনে ছাত্রাবাসের ছাত্ররা বের হলে বখাটে মহব্বত ও তার সঙ্গীরা উল্টো হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনা কলেজে ছড়ালে কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে। কলেজ ক্যাম্পাস ও আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে তারা জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়। ছাত্রদের বিক্ষোভের মুখে কলেজের উপাধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কলেজের আবাসিক ছাত্র মো. নকিবুল হাসান রাজন, রাজীবুল আলমসহ অর্ধশত আবাসিক ছাত্র জানায়, বখাটেদের উত্পাতে ছাত্রাবাসে থাকা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই চুরি, ছিনতাইসহ বিভিন্ন জিনিসপত্র এলাকার বখাটে মাদকাসক্তরা নিয়ে যায়। প্রতিবাদ করলে তাদের হাতে লাঞ্ছিত ও আহত হতে হয়। ওয়াসিম উদ্দিন ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার মো. সাইদুল্লাহ ভূঁইয়া বলেন, ‘বখাটে সন্ত্রাসীদের উত্পাত সম্প্রতি এত বেশি বেড়েছে যে সন্ধ্যার পর ছাত্রাবাসে ফিরতে আমাকেও আতঙ্কের মধ্যে থাকতে হয়। মাঝেমধ্যেই বিব্রতকর অবস্থায় পড়ি। এদের বিরুদ্ধে পুলিশি ও আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।’ কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুল হক জানান, আহত সালামের চিকিত্সার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। এ ব্যাপারে হোস্টেল সুপার জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, কলেজের পক্ষ থেকে মামলা করলে বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।