কিশোরগঞ্জে কাবিখার টাকায় চেয়ারম্যানের মাছের খামার!
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের বাহির হাওরে একটি বাঁধ তৈরির জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীনে প্রকল্প নেওয়া হয়। বরাদ্দ দেওয়া হয় ১২ মেট্রিক টন চাল। কিন্তু কাজ শেষে দেখা যায়, এই বাঁধের মাধ্যমে করা হয়েছে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম জালাল উদ্দিনের ব্যক্তিগত মাছের খামার। দানাপাটুলির কালিয়াকান্দি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের বাহির হাওরে একটি রাস্তার পাশে চেয়ারম্যান জালালের জমি আছে। সেখানে তিনি তিন পাশে বেড়া ও জাল দিয়ে মাছ চাষ করতেন। কাবিখার চালের টাকা দিয়ে ওই জমিতে স্থায়ী মাছের খামার গড়তে চলতি বছরের শুরুতে একটি প্রকল্প তৈরি করেন তিনি। প্রকল্পের নাম দেওয়া হয়, ‘কালিয়াকান্দা আবিদের বাড়ি থেকে জব্বারের টেক পর্যন্ত রাস্তা/বাঁধ নির্মাণ’। প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ১২ মেট্রিক টন চাল, যার বাজারমূল্য প্রায় তিন লাখ ৩৬ হাজার টাকা। প্রকল্পের সভাপতি করা হয় ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনকে। সদস্যসচিব করা হয় চেয়ারম্যানের ছেলে বোরহান উদ্দিনকে।কিন্তু প্রকল্প অনুযায়ী কাজ করা হয়নি। প্রকল্প স্থানের পাশে চেয়ারম্যান জালালের জমির তিন পাশে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, তাঁরা মনে করেছিলেন ইউপি চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত জমিতে বাঁধ দিয়ে মাছের খামার করছেন। পরে জানতে পারেন, কাবিখার চালের টাকা দিয়ে খামার করেছেন। বর্তমানে চেয়ারম্যান, তাঁর ছেলেসহ কয়েকজন সেখানে মাছ চাষ করছেন। এতে চেয়ারম্যানের লাভ হলেও গ্রামবাসীর কোনো লাভ হবে না।কাবিখার ওই প্রকল্পের সভাপতি কফিল উদ্দিন জানান, প্রকল্প প্রস্তাব অনুযায়ী শতভাগ কাজ শেষ করা হয়েছে। শুকনো মৌসুমে পানি ধরে রাখতেই প্রকল্পটি নেওয়া হয়েছে।চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, মাছের খামার হলেও শুকনো মৌসুমে এর উপকার এলাকার কৃষকেরাই পাবেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল বলেন, কাবিখার টাকায় মাছের খামার করার ব্যাপারে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।