কিশোরগঞ্জে কালবৈশাখী, একজনের মৃত্যু
কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয় বহু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে জেলার করিমগঞ্জ উপজেলার পানাহার কনিকপুরের রইছ উদ্দিনের (৫০) ঘরের ওপর একটি বড় আম গাছ ভেঙে পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়ে রইছ উদ্দিন গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়। ঝড়ে উপজেলার জয়কা ইউনিয়ন ছাড়াও পাশের গুণধর ইউনিয়নে বহু কাঁচা ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বাঁশ ঝাড় বিধ্বস্ত হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঝড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া জেলার হোসেনপুর উপজেলায় কালবৈশাখীর ছোবল ও শিলাবৃষ্টিতে সবজিসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে শিলা বৃষ্টির পর সকাল সাড়ে ৮টায় আবার কাল বৈশাখীর ছোবলে বৈদ্যুতিক লাইন ও গাছপালা উপড়ে পড়ে।
হোসেনপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় এ বছর ৭ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। কুমড়া, ভুট্টা, মরিচসহ প্রায় সব ধরনের উঠতি ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস জানান, শুধু চাল কুমড়া চাষিদেরই ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুট্টা, ধান ও মরিচের ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা যাচ্ছে না।
হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এজিএম মো. মোশারফ হোসেন বলেন, ঝড়ে ২০ টিরও অধিক বৈদ্যুতিক পিলার ভেঙে পড়েছে এবং লাইনের তার ছিঁড়ে পড়েছে। যার কারণে পৌর এলাকাসহ অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া জেলার সদর উপজেলা, করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন এলাকাসহ অন্যান্য উপজেলায়ও কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়।