কিশোরগঞ্জে কালাম বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ
কিশোরগঞ্জ সদর, নিকলী, করিমগঞ্জ ও কটিয়াদী উপজেলার অন্তর্ভুক্ত বড় হাওর এলাকার মানুষ কালাম বাহিনীর সন্ত্রাস, লুটপাট, ডাকাতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।এলাকাবাসী জানান, বড় হাওরে একসময় ত্রাস-ডাকাত তামসু তাঁর কয়েকজন সহযোগীসহ ২০০৪ সালের আগস্ট মাসে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে ডাকাতি করতে এসে গণপিটুনিতে নিহত হন। এর দুই বছর পর ওই বাহিনীর নেতৃত্বে আসেন তামসুর সহচর আবদুল বাক্কার। বাক্কার বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির কারণে এলাকায় আতঙ্ক নেমে আসে। ২০০৭ সালের ৩০ আগস্ট বাক্কারকে র্যাব গ্রেপ্তার করার পর বাহিনীর নেতৃত্ব দেওয়া শুরু করেন একসময়ের তামসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ ওরফে কালাম। বর্তমানে কালাম ও তাঁর বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতির কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বড় হাওরের সাধারণ মানুষসহ কৃষক ও নিরীহ ব্যবসায়ীরা। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কালামের বিরুদ্ধে নিকলী থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ পাঁচটি মামলা এবং ছয়-সাতটি সাধারণ ডায়রি রয়েছে। কালাম বাহিনীর নেতৃস্থানীয় ১০ থেকে ১৫ জনের নামে নিকলী থানায় পাঁচ থেকে ১০টি করে ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। পুলিশ অস্ত্রসহ কয়েকবার তাঁদের ধরলেও জামিনে বারবার বেরিয়ে এসে আবার তাঁরা এলাকায় সন্ত্রাস ও ডাকাতিতে জড়িয়ে পড়েন। গত দুই মাসে হাওর থেকে অর্ধশত সেচযন্ত্র চুরি ও করিমগঞ্জ-নিকলী রাস্তায় কমপক্ষে আটটি ডাকাতি হয়েছে। চাঁদা চেয়ে না পেলে এই বাহিনী রাতে জমি থেকে সেচযন্ত্র নিয়ে যায়।কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মাসখানেক আগে কালাম বাহিনীর সর্বশেষ সন্ত্রাসের শিকার নিকলীর কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের দিলদার আহমেদ খান। সন্ত্রাসীরা তাঁর ডান হাত ও বাঁ পা কেটে নিয়ে গেছে। নিকলীর কনুবাড়ি গ্রামের আবু বাক্কার, সিরাজুল ইসলাম, তোতু মিয়া, তহু মিয়া ও সহিম জানান, কালাম বাহিনীর অত্যাচারে বর্তমানে তাঁরা ভিটেবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।এদিকে কালাম বাহিনীকে গ্রেপ্তার এবং এলাকার কৃষক ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে এলাকাবাসী গত ২৬ জানুয়ারি নানশ্রী বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। তাঁরা নানশ্রী এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। একই দিন এসব দাবিতে কিশোরগঞ্জ শহরে মানববন্ধন হয়। তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় কালাম বাহিনীর লোকজন নানশ্রী গ্রামের দিলদার আহমেদ খান পলাশের ডান হাত ও বাঁ পা কেটে নিয়ে যায়। গত ৭ জানুয়ারি নানশ্রী গ্রামের মিশলু মিয়ার কাছে কালাম বাহিনী এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ভয়ে মিশলু এলাকা ছেড়ে কিশোরগঞ্জে বসবাস করছেন।সূত্র জানায়, করিমগঞ্জের খুদেরগাঁও, মদন, কন্ডকখালী, গুণধর ও কদমতলী; কিশোরগঞ্জের গৌরীপুর, দক্ষিণ নানশ্রী; কটিয়াদীর ধুলদিয়া, কাইলাকান্দা ও নিকলীর নানশ্রীসহ বিভিন্ন গ্রামের ৫০ থেকে ৬০ জন যুবক প্রলোভনে পড়ে কালাম বাহিনীতে যোগ দিয়েছেন। তাই এলাকার অভিভাবকেরা তাঁদের উঠতি বয়সী ছেলেদের নিয়ে দুশ্চিন্তায় আছেন। নাম প্রকাশ না করার শর্তে নানশ্রীর একজন জনপ্রতিনিধি জানান, গ্রামে গ্রামে ঘুরে কালামের স্থানীয় সহযোগীরা টাকা, মুঠোফোনসহ নানা উপহার দিয়ে গরিব, সাহসী ও ছোটখাটো অপরাধে জড়িত যুবকদের বেছে বেছে দলে ভেড়াচ্ছেন। কারপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইমান আলী জানান, কালামের লোকজন বেশ ভয়ংকর। তিনি বলেন, বড় হাওর এলাকাসহ আশপাশের হাওর এলাকাগুলোতে ছত্রভঙ্গ তামসু, বাক্কার এবং কালাম বাহিনীর সদস্যরা এক হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি করছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘কালাম বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ আন্তরিক। চার উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এদের সহজে ধরা যাচ্ছে না। এলাকার সন্ত্রাসী ও ডাকাতদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’