কিশোরগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
সীতানাথ রায় বর্মণ (৫০) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে একদল দুষ্কৃতকারী কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমুরিয়া চাঁদুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীতানাথের স্ত্রী বীণা রানী রায় জানান, শুক্রবার ভোরে তাঁদের বাড়িতে বেশ কিছু লোক এসে তাঁর স্বামীকে ডেকে বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি ও গ্রামের লোকজন তাঁর স্বামীর বাঁচাও বাঁচাও আর্তচিৎকার শুনে বাড়ির বাইরে এসে দেখেন, ২০০ গজ অদূরে তিস্তা সেচ ক্যানেলের ধারে দুষ্কৃতকারীরা তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যাচ্ছে। আহত অবস্থায় তাঁর স্বামী বলে ওঠেন, দুষ্কৃতকারীরা প্রথমে তাঁকে জোরপূর্বক কীটনাশক মুখে ঢেলে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সীতানাথকে মৃত ঘোষণা করেন।কিশোরগঞ্জ থানার পরিদর্শক আবু নাসের রায়হান বলেন, সীতানাথের স্ত্রী ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।