কিশোরগঞ্জে কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা কারাগারের আমির হোসেন (৭০) নামের এক কয়েদি গত শনিবার গভীর রাতে মারা গেছেন। তিনি কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকার কয়েকজন জানান, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ৬ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে ৭ এপ্রিল জেলা কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। কিশোরগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. জান্নাত-উল-ফরহাদ প্রথম আলোকে জানান, শনিবার রাত পৌনে দুইটার দিকে শ্বাসকষ্ট ও চাপজনিত কারণে আমিরকে দ্রুত কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমির মারা যান। গতকাল রোববার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়। পরে তাঁর বড় ছেলে সৈয়দ হোসেনের কাছে লাশ হস্তান্তর করা হয়।