কিশোরগঞ্জে গণপূর্তের জমি দখলের অভিযোগ পৌরসভার বিরুদ্ধে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের কেন্দ্রস্থল কাচারি বাজারে গণপূর্ত বিভাগের কোটি টাকা দামের ১৫ শতাংশ জমি পৌরসভা কর্তৃপক্ষ দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র দাবি করেছেন, ওই জমি তাঁদের।গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হাসান ইমাম সাংবাদিকদের জানান, কাচারি বাজার এলাকায় গণপূর্ত বিভাগের ৮৮ শতাংশ জমি রয়েছে। ওই জমির একাংশ দখল করে কাচারি বাজারের ব্যবসায়ীরা আগেই ঘর উঠিয়েছেন। সরকারি জমি অবৈধ দখল থেকে রক্ষা করার লক্ষ্যে সরকার সম্প্রতি সীমানাপ্রাচীর নির্মাণের নির্দেশ দিয়েছে। প্রাচীর নির্মাণের আর্থিক সংস্থান না থাকায় কাঁটাতারের বেড়া দিয়ে হলেও জায়গা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক সম্প্রতি সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করা হয়। এরপর গত মঙ্গলবার গণপূর্ত বিভাগের কর্মীরা সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে ব্যবসায়ী ও পৌরসভার কয়েকজন কর্মকর্তা বাধা দেন। পরে ভূমিতে আরসিসি পিলার দিয়ে ঘেরাও করে মাটি ভরাট শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী জয়নাল আবেদীন খান জানান, যদি কোনো সরকারি জায়গা জনস্বার্থে পৌরসভা নিতেও চায়, তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় প্রস্তাব উত্থাপন করতে হবে। সেই প্রস্তাব যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে যাবে গণপূর্ত মন্ত্রণালয়ে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই একটি সরকারি ভূমির হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন হয়। জনস্বার্থের প্রয়োজনেও নিয়ম-বহির্ভূতভাবে সরকারি জায়গা দখল করতে পারে না পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের কাছে গণপূর্ত বিভাগ লিখিত অভিযোগ দিয়েছে। পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে সরকারি কানুনগো দিয়ে পরিমাপ করে জায়গার সীমানা নির্ধারণের আশ্বাস দিয়েছেন তিনি।তবে গণপূর্ত বিভাগের অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করে পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়া দাবি করেছেন, যে জমিতে মাটি ভরাট করা হয়েছে, তা পৌরসভার। তিনি প্রথম আলোকে বলেন, ওই স্থানে গণপূর্ত বিভাগের কোনো জায়গা নেই।এ বিষয়ে জানতে চাইলে মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, উভয় পক্ষকে ডেকে নিয়ম ও আইন মোতাবেক পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।