কিশোরগঞ্জে গরুর অবৈধ হাট বন্ধের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ পুরাতন বাজার ও সমবায় বিপণিকেন্দ্র বাজারে গরু-ছাগলের অবৈধ হাট বন্ধ রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে মিলনগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক লোকমান মিয়া, আবুল হাসেম, মাইন উদ্দিন, শাহজাহান, রেজাউল হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল পার্শ্ববর্তী নীলগঞ্জ পুরাতন বাজার প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠে এবং সমবায় বিপণিকেন্দ্রসংলগ্ন খেলার মাঠে অবৈধভাবে প্রতি শনিবার ও বুধবার গরু-ছাগলের হাট বসিয়ে আসছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট অবৈধ হাট দুটি না বসানোর নির্দেশ দিয়েছেন। তবে রায় উপেক্ষা করেই গরু-ছাগলের হাট বসানো হচ্ছে।