কিশোরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে রেলস্টেশনসংলগ্ন রেলের ভূমিতে ‘অবৈধ’ কাঁচাবাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বর্ণনা অনুযায়ী, ওই বাজারে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শহরের পশ্চিম তারাপাশা এলাকার আওয়ামী লীগ সমর্থক মো. মাসুদ মিয়া ও বিএনপির সমর্থক মো. খায়রুল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় মাসুদের লোকজন খায়রুলের একটি ঘর ভেঙে দেয়। পরে সংঘবদ্ধ হয়ে রাত ১০টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় খায়রুলের সমর্থক মো. আফজাল হোসেন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ আফজালকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আফজালের মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল আলম জানান, আফজাল ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।